কলকাতা —
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) ঘিরে তারকাদের জমজমাট সমাগমের সম্ভাবনা। বলিউড থেকে দক্ষিণী সিনেমা, একাধিক জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বের উপস্থিতিতে কার্যত চাঁদের হাট বসতে চলেছে উৎসবের আসরে। নবান্ন সূত্রে খবর, ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেন বলিউড সুপারস্টার সলমন খান।
সলমনের পাশাপাশি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ও প্রভাস। এছাড়াও তালিকায় নাম রয়েছে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের এবং জনি লিভারের। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পাশাপাশি আমন্ত্রণ জানানো হতে পারে পরিচালক অনুরাগ বসু ও মধুর ভাণ্ডারকরকেও।
তবে সূত্রের দাবি, অতিথিদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। ফলে শেষ মুহূর্তে তালিকায় আরও সংযোজন হতে পারে। শুধু বলিউড বা দক্ষিণী তারকাদের মধ্যেই আমন্ত্রণ সীমাবদ্ধ রাখতে চাইছে না আয়োজকরা। বিদেশের চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে, তারকা সমাবেশ এবং দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতিতে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও বর্ণময় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।




















