১৬জুন ২০২১: চিরনিদ্রায় চলে গেলেন সত্যজিৎ রায়ের “বিমলা” স্বাতীলেখা সেনগুপ্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। বয়স হয়েছিল ৭১ বছর । জানা গিয়েছে বাড়িতেই অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁকে। সেখানেই মৃত্যু হয় কিংবদন্তী অভিনেত্রীর। থিয়েটার আর্টিস্ট থেকে পর্দার দাপুটে অভিনেত্রী স্বাতীলেখা। ১৯৭০-এর শুরুর দিকে ইলাহাবাদে এ. সি. বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনার অধীনে স্বাতীলেখা থিয়েটারে কাজ শুরু করেন। তিনি বি. ভি. কারাট, তাপস সেন ও খালেদ চৌধুরীর মতো লোকের উৎসাহও পেয়েছেন। ১৯৭৮ সালে তিনি কলকাতায় চলে আসেন এবং নান্দীকার নাট্যদলে যোগদান করেন। নান্দীকারে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় তিনি কাজ করতে থাকেন।

১৯৮৪ সালে সত্যজিৎ রায় নির্দেশিত ‘ঘরে বাইরে’ ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তিনি মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন্যাসের উপর ভিত্তি করে ছবিটি বানানো হয়েছিল।
পরবর্তী কালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘বেলা শেষে’ ছবিতে তিনি অভিনয় করেন। এই ছবিতে তাঁর অভিনয় ছিল অনবদ্য। অসাধারণ দক্ষ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিমহলে। সকলেই শোকাহত।



















