রাজ্য – ফের দুর্নীতির অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার সেবাশ্রয় প্রকল্পকে কেন্দ্র করে তাঁর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগে সাধারণ মানুষের চিকিৎসার জন্য বরাদ্দ সরঞ্জাম ও ওষুধকে ঘিরে বড়সড় আর্থিক অনিয়মের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
জানা গিয়েছে, বিজেপি নেতা ও আইনজীবী অভিজিৎ দাস সোমবার পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রের দাবি, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা ছাড়াও Drug and Cosmetics Act, PCPNDT Act এবং Atomic Energy Act-এর সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে জমা দেওয়া অভিযোগে প্রশ্ন তোলা হয়েছে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ওষুধ কেন মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল বা নষ্ট করা হয়েছিল। এই ঘটনার পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, উদ্ধার হওয়া ওষুধগুলি কোথা থেকে এসেছিল, সেগুলি সরকারি খরচে কেনা হয়েছিল নাকি বেসরকারিভাবে সংগ্রহ করা হয়েছিল, সেই বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি সরকারি অর্থের অপব্যবহার, আর্থিক দুর্নীতি এবং টাকা আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে।




















