আইআইটি দিল্লির সমাবর্তনে পড়ুয়াদের বার্তা মোদীর, ‘প্রশ্ন করুন, সমাধানের সাহস রাখুন’

আইআইটি দিল্লির সমাবর্তনে পড়ুয়াদের বার্তা মোদীর, ‘প্রশ্ন করুন, সমাধানের সাহস রাখুন’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – শনিবার আইআইটি দিল্লির ৫৭তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পড়ুয়াদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচলিত বা অন্ধভাবে মেনে নেওয়া ধারণা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সেই প্রশ্নের সমাধান খুঁজে বের করার সাহস রাখার জন্য পড়ুয়াদের আহ্বান জানান তিনি। সমাবর্তন শেষে ডিগ্রি হাতে পাওয়া পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা শুধু একটি ডিগ্রি অর্জন করে বেরিয়ে যাচ্ছেন না, বরং দেশের একটি স্বপ্নকেও সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন।

ভারতের তরুণ প্রজন্মের সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজ লঞ্চ ভেহিকল তৈরি করছে, রকেট উৎক্ষেপণ করছে এবং এমন অনেক সাফল্য অর্জন করছে, যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশই করতে পেরেছে। তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী ক্ষমতা এবং নতুন কিছু করার আগ্রহ দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

পড়ুয়াদের মধ্যে কৌতূহল এবং শেখার আগ্রহ সবসময় বজায় রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, তরুণ সমাজ যত বেশি ক্ষমতায়িত হবে, দেশও তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। শুধু প্রচলিত পথে হাঁটা নয়, নতুন প্রশ্ন করা এবং তার উত্তর খোঁজার মানসিকতাই ভবিষ্যতের ভারতকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে বার্তা দেন তিনি।

‘বিকশিত ভারত’-এর শক্ত ভিত্তি গড়ে তোলার প্রসঙ্গেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, অর্থনীতি, প্রযুক্তি এবং শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ক্রমশ আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়েই আত্মনির্ভর এবং শক্তিশালী ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে পড়ুয়াদের বার্তা দেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top