আরজিকর কাণ্ডে ফের হাইকোর্টে শুনানি, ঘটনাস্থল পুনরায় সিলের নির্দেশ ডিভিশন বেঞ্চের

আরজিকর কাণ্ডে ফের হাইকোর্টে শুনানি, ঘটনাস্থল পুনরায় সিলের নির্দেশ ডিভিশন বেঞ্চের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের নতুন করে চর্চায় উঠে এসেছে আরজিকর কাণ্ড। মেয়ের অধরা বিচারের দাবিতে আবারও সরব হয়েছেন অভয়ার মা। ঘটনার প্রকৃত সত্য সামনে আনার দাবিতে পরিবারের তরফে ঘটনাস্থল পুনরায় পরিদর্শনের আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়। শুনানির সময় ঘটনাস্থল পুনরায় সিল করার নির্দেশ দেয় আদালত।
শুনানিতে সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, যেখানে ঘটনাটি ঘটেছিল বলে তদন্তে উঠে এসেছে, সেই সেমিনার হল এখনও সিল করা রয়েছে। তবে মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, ঘটনাটি সেমিনার হলে ঘটেনি। তাঁর বক্তব্য, আরজিকর হাসপাতালের সপ্তম তলায় সন্দীপ ঘোষের ব্যক্তিগত ঘর এখনও সিল করা হয়নি।
এদিন আদালত কক্ষে উপস্থিত ছিলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁকে সরাসরি প্রশ্ন করেন, কোন কোন জায়গা সিল করা হয়েছে? উত্তরে তদন্তকারী অফিসার জানান, যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার রুমটি সিল করা হয়েছে।
এরপর বিচারপতি শম্পা সরকার প্রশ্ন তোলেন, তদন্ত চলাকালীন অন্য জায়গাগুলিও সিল করার প্রয়োজনীয়তা অনুভব করা হয়নি কেন? এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানান, নিম্ন আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী ঘটনাস্থল হিসেবে সেমিনার হলকেই ধরা হয়েছিল।
তবে সেই বক্তব্যে সন্তুষ্ট হয়নি ডিভিশন বেঞ্চ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, নিম্ন আদালত তো সিবিআইয়ের পেশ করা প্রমাণের উপর ভিত্তি করেই নির্দেশ দেয়। তখন সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য সাক্ষীদের বয়ানও সেই জায়গাকেই ঘটনাস্থল হিসেবে নির্দেশ করেছিল।
অন্যদিকে মামলাকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণ আদালতে দাবি করেন, সিবিআইয়ের রিপোর্টে নতুন কোনও তথ্য নেই। সেখানে শুধু তদন্তে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার বিবরণ দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি আদালতের কাছে ঘটনাস্থল আবারও পরিদর্শনের অনুমতি চেয়ে আবেদন জানান।
আরজিকর কাণ্ডে ফের আদালতের এই পর্যবেক্ষণ এবং ঘটনাস্থল পুনরায় সিল করার নির্দেশ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top