উত্তরপ্রদেশে ভোটের আগেই অখিলেশের ‘পিডিএ ইস্তাহার’, ক্ষমতায় এলে ২৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি

উত্তরপ্রদেশে ভোটের আগেই অখিলেশের ‘পিডিএ ইস্তাহার’, ক্ষমতায় এলে ২৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ —

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের অনেক আগেই নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু করে দিলেন সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে দলের বিশেষ ‘পিডিএ ইস্তাহার’ প্রকাশ করলেন তিনি। সাংবিধানিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি সম্মান জানাতেই এই বিশেষ দিনটিকে ইস্তাহার প্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।

‘সাতাশ কা সংকল্প: পিডিএ কা প্রণ পত্র—জন-মন কা ম্যানিফেস্টো ২০২৭’ শীর্ষক এই ইস্তাহারে পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন অখিলেশ। এই তিন শ্রেণিকে একত্রিত করে তৈরি ‘পিডিএ’ সমীকরণকেই আগামী নির্বাচনে দলের মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন সপা প্রধান। তাঁর মতে, ভোটের কয়েক মাস আগেই ইস্তাহার প্রকাশ করার ফলে নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই দলের প্রতিশ্রুতিগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

২৫ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি

ইস্তাহারে যুবসমাজ ও শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অখিলেশ যাদবের ঘোষণা, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সরকার গঠন করলে ২৫ লক্ষ যুবক-যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। পাশাপাশি, অন্যান্য ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

যাঁরা চাকরি পাবেন না, তাঁদের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার আশ্বাসও রয়েছে ইস্তাহারে। পাশাপাশি, পিডিএ সম্প্রদায়ের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বিশেষ রাজ্য শিক্ষানীতি চালুর কথা বলা হয়েছে।

নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার আশ্বাস

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সমস্যা দূর করার প্রতিশ্রুতিও দিয়েছেন অখিলেশ। তাঁর আশ্বাস, সরকার গঠন করলে নিয়োগ পরীক্ষা নির্দিষ্ট সময়ে আয়োজন করা হবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশ করা হবে। সব মিলিয়ে যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা এবং নিয়োগ ব্যবস্থার সংস্কারকে সামনে রেখেই ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরল সমাজবাদী পার্টি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top