পশ্চিমবঙ্গ —
ভোটার তালিকা সংশোধন এবং নাম বাদ পড়াকে কেন্দ্র করে এবার সরাসরি নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর অভিযোগ, ম্যাপিং এবং ভোট দেওয়ার পরেও বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর নেপথ্যে নির্বাচন কমিশন, সিইও দফতর, এইআরও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, ট্রাইব্যুনালের শুনানিতে যাঁদের নাম আটকে রয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে পুলিশের নথি যাচাইয়ের ঘটনা নিয়েও সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন সেলিম।
সেলিমের বক্তব্য, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল, সেখানে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি করা বাস্তবে কঠিন। তাঁর মতে, ট্রাইব্যুনালের বিচারকদের পক্ষেও এতগুলি মামলা সামাল দেওয়া যথেষ্ট কঠিন হয়ে উঠতে পারে।
এই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন এলাকা থেকে পুলিশি যাচাইয়ের খবর আসছে বলে দাবি করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর কথায়, এদিন সকাল থেকেই খবর পাওয়া যাচ্ছে, স্থানীয় থানা থেকে পুলিশকর্মীরা সাধারণ মানুষের বাড়িতে যাচ্ছেন।
সেলিমের অভিযোগ, ট্রাইব্যুনালের শুনানিতে যাঁদের নাম আটকে রয়েছে, তাঁদের কাছে পরিচয়পত্র এবং অন্যান্য নথি দেখতে চাইছেন পুলিশকর্মীরা। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলাকালীন এই ধরনের পুলিশি যাচাই নিয়ে প্রশ্ন তুলে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।




















