বিনোদন —
১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন অভিনেত্রী শতাব্দী রায়। ঠিক চার দশক পর ২০২৬ সালে বড়পর্দায় পা রাখতে চলেছেন তাঁর কন্যা শামিয়ানা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায় এবং মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শামিয়ানা পরিচালক অতনু রায়ের আসন্ন ঐতিহাসিক ছবি ‘ফাতমা’র হাত ধরে টলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। মায়ের চলচ্চিত্রজীবন শুরুর ৪০ বছর পর মেয়ের এই যাত্রা নিঃসন্দেহে পরিবারের কাছে এক বিশেষ মুহূর্ত।
কলকাতার মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী শামিয়ানাকে ছবিতে দেখা যাবে কিশোরী জুবেদার চরিত্রে। জুবেদা ছিলেন ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত ফাতমা বেগমের দ্বিতীয় কন্যা। ছবিতে ফাতমা বেগমের ভূমিকায় অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক জুবেদার চরিত্রে দেখা যাবে আনন্দরূপা চক্রবর্তীকে। অর্থাৎ, জুবেদার শৈশব ও কৈশোরের সময়কাল পর্দায় ফুটিয়ে তুলবেন শামিয়ানা।
ফাতমা বেগমের জীবন নিয়ে ঐতিহাসিক ছবি
অরোরা ফিল্ম কর্পোরেশনের পক্ষে অঞ্জন বসুর প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ফাতমা’। ফাতমা বেগম পরিচালিত ঐতিহাসিক নির্বাক ফ্যান্টাসি ছবি ‘বুলবুল-ই-পরিস্তান’-এর (১৯২৬) শতবর্ষ উপলক্ষে এই ছবি নির্মাণ করা হচ্ছে। ভারতীয় সিনেমার ইতিহাসে পথিকৃৎ এই নারী নির্মাতার জীবনসংগ্রাম, তাঁর পরিবার, স্বাধীন চলচ্চিত্র প্রতিষ্ঠান গড়ে তোলার সংকল্প এবং ভারতীয় সিনেমার প্রাথমিক বিকাশে তাঁর অবদান উঠে আসবে ছবিতে।
মেয়ের অভিনয়ে আত্মপ্রকাশ নিয়ে কী বললেন শতাব্দী?
মেয়ের অভিনয়ে হাতেখড়ি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন শতাব্দী রায়। তাঁর কথায়, “অতনু রায়ের ‘ফাতমা’ ছবিতে আমার মেয়ে শামিয়ানা বন্দ্যোপাধ্যায় প্রথম অভিনয় করবে। ফাতমা বেগমের মেজো মেয়ে জুবেদার ছোটবেলার চরিত্রে অভিনয় করবে ও। শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, আমার ছেলের একদম নেই। আমি চাই শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয় জগতে কাজ করুক। এবং আমার ভাল লাগবে ও ভাল কাজ করলে।”
ছবির বিষয়বস্তু নিয়েও উচ্ছ্বসিত অভিনেত্রী। তাঁর মতে, ভারতের প্রথম মহিলা পরিচালক ফাতমা বেগমের কথা অনেক সিনেমাপ্রেমী মানুষও জানেন না। এই ছবির মাধ্যমে তাঁর জীবন ও কাজ সম্পর্কে দর্শক জানতে পারবেন।
মেয়ের অভিষেকের সঙ্গে নিজের অভিনয়জীবনের শুরুর দিনের মিলও তুলে ধরেছেন শতাব্দী। তিনি বলেন, ১৯৮৬ সালে মুক্তি পাওয়া তপন সিনহার ‘আতঙ্ক’ ছিল তাঁর প্রথম ছবি। ঠিক ৪০ বছর পর ২০২৬ সালে তাঁর মেয়ে বড়পর্দায় কাজ শুরু করছে—এটা তাঁর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ের ভূমিকায় শামিয়ানাকে দেখা যাবে বলেও জানান তিনি। পাশাপাশি ঋতুপর্ণাকে শুভেচ্ছা জানিয়ে প্রযোজক অঞ্জন বসু, পরিচালক অতনু রায় এবং ছবির গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন শতাব্দী।




















