‘কন্যাশ্রী’ এখন ‘কন্যারত্ন’, ‘সবুজসাথী’র নতুন নাম ‘সারথী’—নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কন্যাশ্রী’ এখন ‘কন্যারত্ন’, ‘সবুজসাথী’র নতুন নাম ‘সারথী’—নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যের দুই জনপ্রিয় সরকারি প্রকল্প ‘কন্যাশ্রী’ এবং ‘সবুজসাথী’-র নাম পরিবর্তনের ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘কন্যাশ্রী’ প্রকল্পের নতুন নাম হবে ‘কন্যারত্ন’ এবং ‘সবুজসাথী’ প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে ‘সারথী’। তবে তিনি স্পষ্ট করে জানান, শুধুমাত্র নাম পরিবর্তন করা হচ্ছে। প্রকল্পগুলির সুবিধা, কাঠামো এবং কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

মুখ্যমন্ত্রী জানান, প্রতি বছরের মতো এবারও ১৪ আগস্ট ‘কন্যাশ্রী দিবস’ পালিত হবে। নাম পরিবর্তন হলেও প্রকল্পের মূল উদ্দেশ্য এবং উপভোক্তাদের জন্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না বলেই সরকার জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে ১৩ থেকে ১৮ বছর বয়সি ছাত্রীদের বছরে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। পাশাপাশি, ১৮ বছর পূর্ণ হওয়ার পর অবিবাহিত ছাত্রীদের এককালীন ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের জন্যও বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে।

রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের লক্ষ্য ছিল মেয়েদের শিক্ষার প্রসার, স্কুলছুটের হার কমানো এবং অল্পবয়সে বিয়ে রোধ করা। নতুন নামকরণের পরও সেই লক্ষ্য ও সুবিধাগুলি অপরিবর্তিত থাকবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

একইসঙ্গে ‘সবুজসাথী’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘সারথী’ রাখা হয়েছে। এই প্রকল্পও আগের নিয়মেই চলবে এবং উপভোক্তাদের জন্য বিদ্যমান সমস্ত সুবিধা বহাল থাকবে বলে সরকার জানিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top