কলকাতা – নতুন রাজ্য সরকারের উদ্যোগে আগামী দিনে কলকাতার পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, শহরের ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের পাশাপাশি বাস, টোটো এবং গিগ ওয়ার্কারদের নিয়েও নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার ট্রাম পরিষেবাকে আধুনিক ও কার্যকর করে তুলতে ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা RITES-কে।
টোটো চলাচল নিয়ে কড়া অবস্থান নিয়েছেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, আগের সরকারের আমলে অতিরিক্ত টোটো চলাচলের অনুমতি দেওয়ায় শহরের প্রধান সড়কগুলিতে যানজট বেড়েছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এর প্রভাব পড়েছে বাস পরিষেবার উপরও। তাই ভবিষ্যতে টোটো মূলত গলি ও পাড়ার রাস্তাতেই চলবে, প্রধান সড়ক থেকে ধাপে ধাপে টোটো সরানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সরকারি বাসের ঘাটতির বিষয়েও খোলাখুলি স্বীকার করেছেন অর্জুন সিং। তিনি বলেন, বর্তমানে পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। চার মাস আগে আসা ৬০টি নতুন বাস খুব শীঘ্রই পরিষেবায় নামানো হবে। পাশাপাশি দিল্লি থেকে আরও নতুন বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো তৈরি করা হবে।
পরিবহণমন্ত্রী আরও জানান, মোট ৪৭০টি নতুন সরকারি বাস কেনার প্রক্রিয়া চলছে। পরিকল্পনা অনুযায়ী, দুর্গাপুজোর আগেই এই বাসগুলির বড় অংশ পরিষেবায় যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। নতুন বাস চালু হলে শহরের গণপরিবহণ ব্যবস্থা আরও উন্নত হবে এবং যাত্রীদের দীর্ঘদিনের সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করছে রাজ্য সরকার।




















