দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত, আজ ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত, আজ ৭ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – হাঁসফাঁস গরমের পর দক্ষিণবঙ্গে জোরদারভাবে সক্রিয় হয়েছে বর্ষা। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমেছে এবং স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জীবনে। বৃহস্পতিবারও সেই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের আশা, জুন মাসে বৃষ্টির যে ঘাটতি ছিল, তা জুলাই মাসে অনেকটাই পূরণ হয়ে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top