বাঁকুড়া: চার দিন পেরিয়ে গেলেও উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার কেদারতাল ট্রেকিং রুটে ভয়াবহ তুষারধসের ঘটনায় এখনও নিখোঁজ আটজন। তাঁদের মধ্যে রয়েছেন সাতজন ট্রেকার এবং এক স্থানীয় গাইড। নিখোঁজদের মধ্যে পাঁচজন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাসিন্দা। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিখোঁজ ট্রেকারদের দ্রুত খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত ও খারাপ আবহাওয়ার কারণে কেদারতাল ট্রেকে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার পাঁচ তরুণ ট্রেকার রিন্টু মণ্ডল, উদয় ঘোষ, রতন ঘোষ, তাপস বাউড়ি এবং মনোজ খোয়াস। তাঁদের খোঁজ না মেলায় আমি গভীরভাবে উদ্বিগ্ন।”
মুখ্যমন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গ সরকার উত্তরাখণ্ড সরকার এবং সেখানকার রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারের দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের মাধ্যমে উদ্ধারকাজের প্রতিটি আপডেট নেওয়া হচ্ছে। নিখোঁজদের দ্রুত খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনতে জোরকদমে তল্লাশি চলছে।
উদ্ধারকাজে যাতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন যোগাযোগ ও সমন্বয় বজায় থাকে, তার জন্য রাজ্য পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ADG) এবং বাঁকুড়ার পুলিশ সুপারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা উত্তরাখণ্ডের SDRF, স্থানীয় জেলা প্রশাসন এবং উদ্ধারকাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। পাশাপাশি, বাঁকুড়ায় নিখোঁজ ট্রেকারদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে রাজ্য প্রশাসন।
মুখ্যমন্ত্রীর আশ্বাস, “এই বিপদের সময়ে রাজ্য সরকার তাঁদের পরিবারের পাশে রয়েছে। পাঁচ তরুণকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। তাঁদের নিরাপত্তা ও সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি।”



















