কলকাতা: ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর জেরে ফের বদলাতে পারে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাসের প্রথম দিন অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাচ্ছে না কলকাতাও। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে।
রবিবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর মেঘ জমতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু বৃষ্টিই নয়, এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ফলে রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষ করে কলকাতা-সহ সতর্কতাধীন জেলাগুলির বাসিন্দাদের বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।




















