মুম্বই: ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে (2027 ODI World Cup) সামনে রেখে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। এরপর ডিসেম্বরের ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই সিরিজের পর দীর্ঘ বিরতি না নিয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামার পরিকল্পনা করেছেন রোহিত।
সূত্রের খবর, এবার বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যেতে পারে এই তারকা ক্রিকেটারকে। ইতিমধ্যেই রোহিত নিজে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে ঘরোয়া ৫০ ওভারের এই প্রতিযোগিতায় খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ হওয়ার পর মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামতে পারেন তিনি। প্রতিযোগিতায় মুম্বইয়ের চতুর্থ ম্যাচ সৌরাষ্ট্রের বিরুদ্ধে। সেই ম্যাচেই রোহিতকে খেলতে দেখা যেতে পারে বলে খবর।
২০২৭ সালের বিশ্বকাপের আগে নিয়মিত ৫০ ওভারের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে শেষ পর্যন্ত কতগুলি ম্যাচ খেলবেন রোহিত, তা এখনও স্পষ্ট নয়। আপাতত তাঁর ঘরোয়া ক্রিকেটে ফেরার সম্ভাবনা ঘিরে ক্রিকেটমহলে আগ্রহ তৈরি হয়েছে।




















