বাঁকুড়া: কলকাতার সঙ্গে এবার সরাসরি সড়কপথে যুক্ত হল জঙ্গলমহলের ঝিলিমিলি। বারিকুল এলাকার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ঝিলিমিলি থেকে কলকাতা পর্যন্ত SBSTC-র নতুন সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। নতুন এই সংযোগে জেলার পরিবহণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা। তাঁদের মতে, এর সুফল শুধু দৈনন্দিন যাতায়াতেই নয়, পর্যটনের ক্ষেত্রেও পড়তে পারে।
ঝিলিমিলি ও মুকুটমণিপুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পর্যটকদের আনাগোনা রয়েছে। কিন্তু কলকাতা থেকে এই অঞ্চলে সরাসরি সরকারি বাস পরিষেবা না থাকায় পর্যটক ও সাধারণ যাত্রীদের একাধিক যানবাহনের উপর নির্ভর করতে হত। নতুন পরিষেবা চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন এলাকাবাসী। বিশেষ করে স্বল্প সময়ের জন্য জঙ্গলমহল ও মুকুটমণিপুর ঘুরতে আসা পর্যটকদের জন্য সরাসরি বাস পরিষেবা বাড়তি সুবিধা তৈরি করবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন ভোর ৪টা ২৫ মিনিটে ঝিলিমিলি থেকে কলকাতার উদ্দেশে বাসটি ছাড়বে। অন্যদিকে কলকাতা থেকে ঝিলিমিলির দিকে ফেরার সময় নির্ধারিত হয়েছে দুপুর ৩টা ১০ মিনিট। প্রায় ৩০০ কিলোমিটারের এই যাত্রাপথে রানিবাঁধ, মুকুটমণিপুর, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও আরামবাগ হয়ে কলকাতায় পৌঁছবে বাসটি।
তবে বর্তমানে নির্ধারিত রুটই যে চূড়ান্ত, তা নয়। পরবর্তী সময়ে পরিষেবার রুটে পরিবর্তন এনে দুর্গাপুর হয়ে কলকাতার সঙ্গে ঝিলিমিলির যোগাযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে। ফলে নতুন এই সরকারি বাস পরিষেবা জঙ্গলমহলের মানুষের যাতায়াত সহজ করার পাশাপাশি ঝিলিমিলি ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলির সঙ্গে কলকাতার যোগাযোগ আরও মজবুত করতে পারে বলে আশা করা হচ্ছে।




















