নয়াদিল্লি: দেশের অর্থনীতিকে ঘিরে একাধিক ইতিবাচক পরিসংখ্যানের মধ্যেই প্রকাশ্যে এল ডাইরেক্ট ট্যাক্স আদায়ের নতুন তথ্য। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের মোট ডাইরেক্ট ট্যাক্স কালেকশন গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেড়ে ১২.১০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এই বৃদ্ধির ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স আদায়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট ১৬.১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫.২২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা CBDT-এর প্রকাশিত পরিসংখ্যানেই এই বৃদ্ধির ছবি উঠে এসেছে। আয়কর আদায়ের এই প্রবণতা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং করদাতাদের পরিসর বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সূচক বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও মন্দার আশঙ্কা থাকলেও ভারতের আয় এবং কর্পোরেট মুনাফার বৃদ্ধির ছবি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী। একইসঙ্গে অ্যাডভান্স ট্যাক্সের ধারাবাহিক বৃদ্ধি ব্যবসায়িক কার্যকলাপ, করদাতাদের আস্থা এবং ভবিষ্যতে আয়ের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত একটি ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে।
চলতি অর্থবর্ষে ডাইরেক্ট ট্যাক্স আদায়ে কেন্দ্রের বাজেট লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৮ শতাংশ বৃদ্ধির। বর্তমান গতিতে সেই লক্ষ্যমাত্রা পূরণের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। গ্রান্ট থর্নটন ইন্ডিয়ার ট্যাক্স পার্টনার রিচা সাহনির মতে, ডাইরেক্ট ট্যাক্স আদায়ের এই বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি এবং ক্রমবর্ধমান ট্যাক্স বেসের ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি সম্প্রতি প্রকাশিত GDP ও GST আদায়ের পরিসংখ্যান এবং মুডি’স-এর ৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাসও ভারতের অর্থনীতি নিয়ে আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে।



















