ডেথ সার্টিফিকেট ইস্যুতে বড় বদল, ১৬ বরো রেজিস্ট্রার নিয়োগ করল কেএমসি, কাটছে হয়রানির জট

ডেথ সার্টিফিকেট ইস্যুতে বড় বদল, ১৬ বরো রেজিস্ট্রার নিয়োগ করল কেএমসি, কাটছে হয়রানির জট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: ডেথ সার্টিফিকেট সংক্রান্ত অনিয়ম রুখতে নতুন ব্যবস্থা কার্যকর করেছে কলকাতা পুরসভা (কেএমসি)। গত ২৫ জুলাই থেকে শ্মশান ও কবরস্থান থেকে সরাসরি ডেথ সার্টিফিকেট দেওয়া বন্ধ করে দেওয়ার পর বহু স্বজনহারা পরিবার সমস্যার মুখে পড়েছিলেন। সেই পরিস্থিতির অবসান ঘটাতে এবার বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল কেএমসি। জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যুর জন্য ১৬টি বরোতে ১৬ জন রেজিস্ট্রার নিয়োগ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সাব-রেজিস্ট্রারদের মাধ্যমে আর ডেথ সার্টিফিকেট দেওয়া হবে না। পরিবর্তে, প্রতিটি বরোতে নিযুক্ত রেজিস্ট্রারের কাছ থেকেই জন্ম ও মৃত্যু শংসাপত্র সংগ্রহ করতে হবে। কেএমসি সূত্রে জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থা চালুর ফলে শংসাপত্র প্রদানের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

গত সপ্তাহে শ্মশান ও কবরস্থান থেকে ডেথ সার্টিফিকেট এবং দাহ শংসাপত্র প্রদান বন্ধ হওয়ার পর বিশেষ করে কলকাতার বাইরে বা অন্য রাজ্য থেকে আসা পরিবারগুলি ব্যাপক সমস্যায় পড়েন। নিজেদের এলাকার পুরসভা বা পঞ্চায়েতে মৃত্যু শংসাপত্রের জন্য আবেদন করতে না পারায় সম্পত্তি হস্তান্তর, জীবনবিমার দাবি, পেনশন সংক্রান্ত প্রক্রিয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ আটকে যায়।

এই পরিস্থিতি বিবেচনা করেই মঙ্গলবার কেএমসি ১৬ জন বরো-স্তরের আধিকারিককে রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করে। প্রশাসনের আশা, নতুন ব্যবস্থার ফলে মৃত্যু শংসাপত্র সংগ্রহের ক্ষেত্রে নাগরিকদের হয়রানি কমবে এবং পরিষেবা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে দেওয়া সম্ভব হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top