নদিয়া – নবদ্বীপে মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হলেন এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম শুভঙ্কর ঘোষ। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পলতা ঘাট রোডের অন্নপূর্ণাতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নিজের ঘরে শুভঙ্করকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর দ্রুত নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই শুভঙ্কর মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর আচরণেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। পাশাপাশি তিনি অতিরিক্ত নেশাও করতেন বলে পরিবারের তরফে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি মানসিক চাপে ভুগছিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে এর আগেও রাজ্যে একাধিক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত ফেব্রুয়ারিতে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় প্রশিক্ষণরত অবস্থায় মৃত্যু হয়েছিল সিভিক ভলান্টিয়ার পঙ্কজ বর্মনের। তাঁর সহকর্মীদের অভিযোগ ছিল, অসুস্থ হওয়ার পর সময়মতো চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণেই মৃত্যু ঘটে। সেই সঙ্গে ট্রেনিং ক্যাম্পে মানসিক চাপ ও অব্যবস্থার অভিযোগও উঠেছিল। ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীরা বিক্ষোভও দেখান।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানায় কর্তব্যরত অবস্থায় আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল মানারুল হক নামে আরেক সিভিক ভলান্টিয়ারের। একের পর এক এই ধরনের ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের কাজের পরিবেশ ও মানসিক চাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।



















