ফের বাড়ল আমুল দুধের দাম, প্রতি লিটারে বৃদ্ধি ২ টাকা

ফের বাড়ল আমুল দুধের দাম, প্রতি লিটারে বৃদ্ধি ২ টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ- দেশজুড়ে ফের দুধের দামে ধাক্কা খেল সাধারণ মানুষ।   দেশের অন্যতম বৃহৎ দুগ্ধজাতপণ্য উৎপাদক সংস্থা গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন তাদের জনপ্রিয় ব্র্যান্ড ‘আমুল’-এর দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ানোর ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।
দাম বৃদ্ধির কারণ হিসেবে সংস্থা জানিয়েছে, গবাদি পশুর খাদ্যের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি দুধের প্যাকেজিং ফিল্ম এবং জ্বালানির মূল্যবৃদ্ধির জেরেও উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই বাধ্য হয়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি সংস্থার।
প্রায় এক বছরেরও বেশি সময় পরে ফের দাম বাড়ল আমুল দুধের। শেষবার গত বছরের ১ মে দুধের দাম বৃদ্ধি করা হয়েছিল। এবার নতুন দামের তালিকায় দেখা যাচ্ছে, ৫০০ মিলি প্যাকের স্লিম এন ভ্যারিয়েন্টের দাম হবে ২৭ টাকা, আমুল তাজা ৩০ টাকা, গরুর দুধ ৩১ টাকা এবং আমুল গোল্ডের দাম বেড়ে দাঁড়াবে ৩৫ টাকা। এছাড়াও মোষের দুধের দামও লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে যে দুধ ৭৬ টাকায় বিক্রি হচ্ছে, নতুন দামে তা হবে ৭৮ টাকা। একইভাবে গরুর দুধের ৫০০ মিলি প্যাকের দাম ২৯ টাকা থেকে বেড়ে ৩০ টাকা হচ্ছে।
গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন প্রতিদিন প্রায় ৩ কোটি ১০ লক্ষ লিটার দুধ সংগ্রহ করে দুগ্ধচাষিদের কাছ থেকে। শুধু দুধ নয়, মাখন, ঘি, পনির, চিজ ও আইসক্রিমের মতো একাধিক দুগ্ধজাত পণ্যও উৎপাদন করে সংস্থাটি। বিশ্বের ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রফতানি করা হয়।
সংস্থার দাবি, ২০২৫-২৬ আর্থিক বর্ষে তাদের ব্যবসার পরিমাণ এক লক্ষ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। আগের আর্থিক বছরের তুলনায় ব্যবসার পরিমাণ প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top