রাজ্য – দুয়ারে বিধানসভা নির্বাচন, রাজ্যজুড়ে জোরকদমে প্রস্তুতি চলছে শেষ পর্যায়ে। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার সেই বিষয়ে ইঙ্গিত দিল West Bengal Council of Higher Secondary Education।
চলতি বছর প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই পরীক্ষার্থীরা ফলাফলের অপেক্ষায় রয়েছেন। যদিও এখনও নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবে নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর অর্থাৎ মে মাসেই ফল প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। সম্ভাবনা রয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের।
সংসদের নিয়ম অনুযায়ী আগে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে, তার পরেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। সূত্রের খবর, মে মাসের ৭ বা ৮ তারিখ নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। তার দু’ থেকে তিন দিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হতে পারে বলে অনুমান।
বর্তমানে উত্তরপত্র মূল্যায়নের কাজ দ্রুতগতিতে চলছে। তবে নির্বাচনী দায়িত্বে বহু শিক্ষক-শিক্ষিকা ও সরকারি আধিকারিক যুক্ত থাকায় ফল প্রকাশের সময়সূচিতে কিছুটা দেরি হচ্ছে বলে জানা গেছে।
ফল প্রকাশ হলে পরীক্ষার্থীরা অনলাইনে সহজেই তা দেখতে পারবেন। wbresults.nic.in এবং wbchse.wb.gov.in—এই দুই ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।



















