বিনোদন – ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’ দেওয়ার অভিযোগে অভিনেতা Parambrata Chattopadhyay ও অভিনেত্রী Swastika Mukherjee-র বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় নতুন মোড়। শনিবার গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে তিনি লিখেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” অভিনেতার সেই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়। পরে সেই পোস্টকে সমর্থন করে মন্তব্য করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লিখেছিলেন, “হাহাহা, হোক হোক।”
এই মন্তব্যকে কেন্দ্র করেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েন দুই তারকা। অভিযোগ, তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার সামিল। এই অভিযোগে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। সেই অভিযোগের ভিত্তিতেই পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১০৯ এবং ১৫৩এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫৩এ ধারা জামিন অযোগ্য বলেও জানা গিয়েছে। তদন্তের স্বার্থে দুই অভিনেতাকেই সাত দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
শনিবার সেই নির্দেশ মেনেই গড়িয়াহাট থানায় হাজিরা দেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন তিনি পরমব্রতের পোস্টকে সমর্থন করেছিলেন, সেই বিষয়েই তাঁকে প্রশ্ন করা হয়েছে বলে সূত্রের খবর।
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।



















