রাজ্য – দুর্গাপুজোর আর মাত্র এক মাস বাকি। তার আগেও বাংলার আকাশ থেকে সরছে না বর্ষার মেঘ। গতকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ এবং রাজ্যের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।
শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বীরভূমের এক-দু’টি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
রবিবারও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হচ্ছে না। ছুটির দিনেও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সপ্তাহান্তেও বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা কম।
তবে সোমবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতি কিছুটা কাটার সম্ভাবনা রয়েছে।




















