দক্ষিন 24 পরগণা – দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ফের পুনর্নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ওইদিন মোট ২৮৫টি বুথে পুনরায় ভোট নেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর ২৪ মে ফলতার ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৯ এপ্রিল বুধবার ফলতায় যে ভোটগ্রহণ হয়েছিল, তা পুরোপুরি অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে ওই কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে জানানো হয়েছে, সোমবার রাজ্যের বাকি ২৯৩টি বিধানসভা আসনের গণনা যথারীতি হবে, শুধু ফলতার গণনা আপাতত স্থগিত থাকবে।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যেসব প্রার্থী আগের নির্বাচনে ছিলেন, তারাই পুনর্নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে প্রচার কবে থেকে শুরু হবে এবং আচরণবিধি কীভাবে কার্যকর থাকবে, তা নিয়ে শিগগিরই পৃথক নির্দেশিকা জারি করা হবে।
প্রসঙ্গত, ফলতার ১৮টি বুথে ইভিএম মেশিনে টেপ লাগানো এবং কিছু ক্ষেত্রে বোতামে অস্বাভাবিক পদার্থ (আতর) লাগানোর অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে ভোট পরবর্তী পর্যায়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
এই পরিস্থিতিতে শনিবার ফলতায় পুনর্নির্বাচনের দাবিতে পথে নামেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন জায়গায় পথ অবরোধ ও বিক্ষোভের ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ও ডায়মন্ড হারবার এলাকায়ও পুনর্নির্বাচন নিয়ে অস্থিরতা দেখা দেয়, যেখানে মোট ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণ হয়।
যদিও তৎকালীন পরিস্থিতিতে ইভিএম কারচুপির অভিযোগ উঠলেও কমিশন তাৎক্ষণিকভাবে ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়নি। এর ফলে ক্ষুব্ধ ভোটাররা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরি করছে বিরোধীরা।
অবশেষে শনিবার রাতে নির্বাচন কমিশন ফলতার ভোট গণনা স্থগিত রেখে নতুন করে ভোটগ্রহণের দিন ঘোষণা করে পরিস্থিতির সমাধান করে।



















