আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভে বাঘ পুনঃপ্রবর্তনের প্রস্তুতিকে ঘিরে পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে বনাঞ্চলের সমস্ত পর্যটন পরিষেবা। ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চার দিন বক্সায় জঙ্গল সাফারি, ডে ভিজিট এবং বনাঞ্চলের ভিতরে পর্যটকদের রাত্রিবাস বন্ধ থাকবে বলে জানিয়েছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। বাঘ পুনঃপ্রবর্তন প্রকল্পের বিভিন্ন প্রস্তুতিমূলক কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বক্সায় বাঘ পুনঃপ্রবর্তনের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই জোরকদমে কাজ চলছে।
আগামী ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভে বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনীকে এনে বক্সার জঙ্গলে ছাড়া হবে। এর আগে বাঘিনীটিকে নির্দিষ্ট একটি সফট-রিলিজ এনক্লোজারে রাখা হবে এবং পরবর্তী পর্যায়ে পর্যবেক্ষণের পর জঙ্গলে মুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাঘটির গতিবিধির উপর নজর রাখতে রেডিও কলার ব্যবহারের ব্যবস্থাও থাকছে।
২ অক্টোবর এই উপলক্ষে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব-সহ রাজ্য ও কেন্দ্রের বন দফতরের আধিকারিকদের উপস্থিত থাকার কথা। অনুষ্ঠানস্থলে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বক্সায় বাঘ ছাড়ার মুহূর্ত অনুষ্ঠানস্থল থেকে সরাসরি দেখানোর ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীও ২ অক্টোবর বক্সায় বাঘ ছাড়ার বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন।
বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যেই এই পুনঃপ্রবর্তন প্রকল্প নেওয়া হয়েছে। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনী বাছাই, ধরার কাজ এবং নিরাপদে বক্সায় নিয়ে আসার জন্য বন দফতর, বক্সা ও সুন্দরবন টাইগার রিজার্ভের দল এবং বিশেষজ্ঞরা কাজ করছেন। ইতিমধ্যেই বাঘিনী ধরার প্রস্তুতি এবং বক্সায় তাকে রাখার পরিকাঠামো তৈরির কাজ এগিয়েছে।




















