বারুইপুর কাণ্ডে নিহত কিশোরীর পরিবারের পাশে অধীর, এনকাউন্টার নিয়ে পুলিশের ভূমিকায় তুললেন প্রশ্ন

বারুইপুর কাণ্ডে নিহত কিশোরীর পরিবারের পাশে অধীর, এনকাউন্টার নিয়ে পুলিশের ভূমিকায় তুললেন প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনাকে ঘিরে পুলিশের বয়ান নিয়ে একাধিক প্রশ্ন তোলেন।

পুলিশের দাবি, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অভিযুক্ত গুলিবিদ্ধ হয় এবং পরে তার মৃত্যু হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বুধবার বারুইপুরে পৌঁছে অধীর রঞ্জন চৌধুরী নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুলিশের ঘটনার বিবরণ নিয়ে সংশয় প্রকাশ করেন।

অধীর রঞ্জন চৌধুরী বলেন, পুলিশের বক্তব্য অনুযায়ী একজন অভিযুক্ত কীভাবে একজন পুলিশকর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালাতে সক্ষম হল, সেই বিষয়টি অত্যন্ত প্রশ্নের। তাঁর মতে, যদি পুলিশের দাবি অনুযায়ী অভিযুক্ত একজন সাধারণ ভ্যানচালক হন, তাহলে এত সহজে পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার ঘটনা নিরাপত্তা ব্যবস্থা ও প্রশিক্ষণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়।

তিনি আরও বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত ঘটনা সামনে আসে এবং সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top