বিনোদন —
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ করলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। সাধগুরু ও অনন্ত আম্বানির সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার সময় অভিনেতার কথোপকথন ঘিরেই বিতর্কের সূত্রপাত। ওই ঘটনার ভিডিও নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর দাবি করার অভিযোগে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস পাঠিয়েছেন শাহরুখ। পাশাপাশি, ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কী দাবি করেছিলেন ইনফ্লুয়েন্সার?
এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুবিজ্ঞ শর্মা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে তিনি দাবি করেন, সাধগুরু ও অনন্ত আম্বানির সঙ্গে কথোপকথনের সময় অনন্ত নাকি শাহরুখ খানকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর অনেকেই দাবি করেন, ওই ঘটনায় বলিউড অভিনেতাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি।
কী বলছে শাহরুখের লিগাল টিম?
অন্যদিকে, শাহরুখ খানের লিগাল টিমের বক্তব্য, ইনফ্লুয়েন্সারের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁদের অভিযোগ, মূল ঘটনার প্রেক্ষাপট বদলে দিয়ে ভিডিও এবং তার ক্যাপশন এমনভাবে পরিবেশন করা হয়েছে, যাতে অভিনেতার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
গত ২৩ নভেম্বর সুবিজ্ঞ শর্মাকে আইনি নোটিস পাঠানো হয়েছে। সেখানে তাঁর পোস্টটিকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং অবমাননাকর বলে উল্লেখ করা হয়েছে। কোনও নির্ভরযোগ্য প্রমাণ ছাড়াই এ ধরনের দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ফলে শাহরুখের ব্যক্তিগত সম্মান ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও নোটিসে জানানো হয়েছে।
এছাড়াও, শাহরুখের লিগাল টিমের পাঠানো নোটিসে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারায় মানহানির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এবার নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে ওই পোস্ট সরানো হয় কি না, সেদিকেই নজর রয়েছে।



















