সন্দেশখালি —
আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তবে কীভাবে তাঁর শরীরে বিষক্রিয়া হল, তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দিদি রেবা নস্কর। অন্যদিকে, বিধায়ক হওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে রেখার দূরত্ব বেড়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর শ্বশুর ও শাশুড়ি। রেখার অসুস্থতাকে কেন্দ্র করে এবার পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে এল।
মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর জানান, সব সময় বোনের সঙ্গে থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর দাবি, রেখা বরাবরই মুখের উপর নিজের কথা বলেন। সেই কারণে কেউ তাঁর উপর রেগে গিয়ে কোনও ষড়যন্ত্র করেছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রেবা। তবে এই ঘটনার পিছনে দলের কেউ নাকি পরিবারের কেউ জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। বাড়িতে কখনও ঘাস মারার কীটনাশক দেখেননি বলেও জানিয়েছেন রেখার দিদি।
বিধায়ক হওয়ার পর পরিবারের সঙ্গে দূরত্বের অভিযোগ
অন্যদিকে, সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখা পাত্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁর শ্বশুর ধীরেন পাত্র। তাঁর দাবি, আন্দোলনের সময় পরিবারের সদস্যরা সকলেই রেখার পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে পরিবারের আর কোনও খোঁজখবর নেন না তিনি।
এমনকি নিজের বোন ও বোনাইকে দিয়ে স্বামী সন্দীপকে মারধর করানোর অভিযোগও তুলেছেন ধীরেন পাত্র। রেখার শাশুড়ি অনুপমা পাত্রেরও অভিযোগ, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন না রেখা। ফোন করেও তাঁদের খোঁজ নেন না বলে দাবি তাঁর।
একদিকে রেখার অসুস্থতার পিছনে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করছেন তাঁর দিদি, অন্যদিকে পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে সরব শ্বশুর-শাশুড়ি। তবে বিষক্রিয়ার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।




















