‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই চলছে ঋতব্রত গোষ্ঠী’, বিস্ফোরক মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই চলছে ঋতব্রত গোষ্ঠী’, বিস্ফোরক মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিমবঙ্গ —

তৃণমূলের ভাঙন ঘিরে কালীঘাট শিবিরের যে ব্যাখ্যা সামনে এসেছিল, এবার কার্যত সেই কথাই প্রকাশ্যে বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। মঙ্গলবার তাঁর একটি বক্তৃতার অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সেখানে ঋতব্রত গোষ্ঠীর মাথার উপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীর্বাদ রয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রীর সমর্থন সরিয়ে নিলেই ওই গোষ্ঠীর অস্তিত্ব সংকটে পড়বে।

মঙ্গলবারের বক্তৃতায় শারদ্বত বলেন, “একটা মৃত তৃণমূল, একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রায় শেষ হয়ে গেছে। আর ঋতব্রত তৃণমূলের মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে। যেদিন হাত সরিয়ে নেবে, সেদিন ও-ও শেষ হয়ে যাবে।”

এরপরই মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে শারদ্বত বলেন, মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেননি যে, চাইলে ২৮০ জনের সমর্থন পাবেন। তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। যদিও বুধবার বেলা পর্যন্ত ঋতব্রত শিবিরের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পাল্টা রাজনৈতিক তৎপরতা শুরু করেছে কালীঘাট শিবির।

তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন ঘিরে সংঘাত

উল্লেখ্য, ভোটের পর তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন ঘিরে ঋতব্রত গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম খারিজ করে পাল্টা সমর্থন জোগাড় করে ঋতব্রতই বর্তমানে বিরোধী দলনেতার দায়িত্বে রয়েছেন। যদিও এই বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমাও চলছে।

এই পরিস্থিতিতেই শারদ্বতের দাবি, ঋতব্রত গোষ্ঠী মূলত মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ও সমর্থনের জোরেই টিকে রয়েছে। তাঁর এই মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিল। এবার ঋতব্রত শিবির এই অভিযোগের জবাবে কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top