বীরভূম: দীর্ঘ প্রায় ১৯ ঘণ্টার তল্লাশি ও গণনা অভিযানের শেষে বীরভূমে এক বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধারের দাবি করেছে রাজ্য পুলিশ। বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনার বার। উদ্ধার হওয়া নগদ ও সোনার মোট মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর প্রায় ৩টায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয় তথা মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। প্রথমে তদন্তকারী দলকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলেও পরে পরিস্থিতির পরিবর্তন হলে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। তল্লাশির সময় একটি ঘরের আলমারিতে কাগজ ও কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।
এরপর সকাল ৭টা নাগাদ পাঁচটি নোট গণনার মেশিন এনে টাকা গোনার কাজ শুরু হয়। প্রায় ১৯ ঘণ্টা ধরে চলা সেই প্রক্রিয়া শেষে পুলিশ জানায়, মোট সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং ১৫ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে।
রাতের সাংবাদিক বৈঠকে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক ও সন্দেহভাজন মিনার মণ্ডল দাবি করেছেন, উদ্ধার হওয়া পুরো অর্থ টুলু মণ্ডল এবং তাঁর সিন্ডিকেটের। তবে এই দাবির সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। উদ্ধার হওয়া বিপুল সম্পদের প্রকৃত মালিক কে, অর্থ ও সোনার উৎস কী এবং তা কীভাবে সেখানে পৌঁছল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে এই মামলায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেফতারিও হতে পারে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ ও সোনার উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।




















