খেলা – ভারতীয় ফুটবলকে ঘিরে দেশে যখন নতুন করে উন্মাদনা তৈরি হচ্ছে, তখন বিদেশের মাটিতে একের পর এক চমকপ্রদ সাফল্য এনে নজর কাড়ছে দেশের খুদে ফুটবলাররা। সামনে ব্রাজিল, পানামা ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ ঘিরে যখন ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন ইউরোপের মাটিতে ভারতীয় খুদেদের ঐতিহাসিক সাফল্য ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখাচ্ছে।
ক্রিকেটের তুলনায় ফুটবলে তুলনামূলকভাবে কম অর্থ ও সুযোগ থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মঞ্চে পরপর সাফল্য পেয়েছে দেশের খুদে ফুটবলাররা। এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রঞ্জিত বাজাজ। নিজের সামর্থ্যের পাশাপাশি ঋণ নিয়েও খুদে প্রতিভাদের ইউরোপে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন তিনি। এমনকি পরিবারের গয়না বিক্রি করেও তাদের আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার কথা উঠে এসেছে। সেই সুযোগ কাজে লাগিয়েই নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে খুদে ফুটবলাররা।
ইউরোপের হেলসিঙ্কি টুর্নামেন্টের পর সুইডেনে আয়োজিত বিশ্বের অন্যতম বড় যুব ফুটবল প্রতিযোগিতা গোথিয়া কাপের অনূর্ধ্ব-১২ বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। পুরো প্রতিযোগিতায় পরপর ৮টি ম্যাচ জিতে নজির গড়েছে তারা। প্রতিপক্ষের জালে মোট ৮৬টি গোল করেছে ভারতীয় দল। ইংল্যান্ডকে ১২-০ এবং ফ্রান্সকে ১৭-১ গোলে হারিয়ে দেওয়া ছাড়াও ফাইনালে ব্রাজিলের আরেস স্পোর্টস ইয়েলোর বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে তাক লাগিয়েছে তারা।
এই সাফল্যের আরও উল্লেখযোগ্য দিক হল, দলের বেশিরভাগ খুদে প্রতিভাই মণিপুরের। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে এমন দাপট ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি করেছে।




















