মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হলেন হুমায়ুন কবির, আর্থিক সংকটের মধ্যে বড় দায়িত্ব পরিবর্তন

মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হলেন হুমায়ুন কবির, আর্থিক সংকটের মধ্যে বড় দায়িত্ব পরিবর্তন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং নওদার বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার ক্লাবের তৎকালীন সভাপতি আমিরুদ্দিন ববি পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত করা হয় হুমায়ুনকে। শনিবার দুপুর ২টোয় ক্লাবের পক্ষ থেকে নতুন সভাপতিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।

গত কয়েক দিন ধরেই ক্লাবের সদস্য ও সমর্থকদের একাংশ আমিরুদ্দিন ববির পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। সেই চাপের মধ্যেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। ক্লাব সূত্রে জানা গিয়েছে, সভাপতির পরিবর্তন হলেও আপাতত বাকি কমিটিগুলিতে কোনও রদবদল করা হয়নি।

ক্লাবের অভ্যন্তরীণ সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাস নতুন সভাপতির নেতৃত্বে মহমেডান স্পোর্টিংয়ের আর্থিক পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম কতটা উন্নতি করে, তা পর্যবেক্ষণ করা হবে। তারপরই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছে ঐতিহ্যবাহী এই ক্লাব। প্রায় ১৩ কোটি টাকার ঋণের বোঝা সামলাতে হিমশিম খেতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে। সেই পরিস্থিতিতে বারবার পরিবর্তনের দাবি উঠেছে সদস্য ও সমর্থকদের মধ্যে। এর মধ্যেই বিধানসভা নির্বাচনের পর এই চাপ আরও বৃদ্ধি পায়।

ক্লাবের আর্থিক অচলাবস্থা কাটাতে সম্প্রতি নওশাদ সিদ্দিকি এবং হুমায়ুন কবিরের কাছেও সহায়তার আবেদন জানানো হয়েছিল। নতুন স্পনসর খোঁজার ক্ষেত্রেও তাঁদের সহযোগিতা চাওয়া হয়। এই প্রেক্ষিতেই সভাপতির দায়িত্বে পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, চলতি মরশুমে আইএসএলে খেলার সুযোগ পেলেও ট্রান্সফার ব্যান এবং দল গঠনের সমস্যার কারণে মহমেডান প্রত্যাশিত ফল করতে পারেনি। শেষ পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্সের জেরে পয়েন্ট তালিকার নিচের দিকে থেকে আইএসএল থেকে অবনমন হয়েছে সাদা-কালো ব্রিগেডের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top