তৃণমূলে বড় ধাক্কা, মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলরের কংগ্রেসে যোগদান

তৃণমূলে বড় ধাক্কা, মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান-সহ ৬ কাউন্সিলরের কংগ্রেসে যোগদান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক পুরসভায় ভাঙনের আবহের মধ্যেই এবার বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলার মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি-সহ ছয়জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। এর ফলে মেখলিগঞ্জ পুরসভার নিয়ন্ত্রণ তৃণমূলের হাতছাড়া হয়ে কংগ্রেসের দখলে চলে গেছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

শুক্রবার কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দলবদল সম্পন্ন হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে কংগ্রেসে যোগ দেন চেয়ারম্যান প্রভাত পাটনি ও অন্যান্য কাউন্সিলররা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়, বিশ্বজিৎ সরকার-সহ দলের একাধিক শীর্ষ নেতা।

মেখলিগঞ্জ পুরসভা কোচবিহার জেলার একটি ছোট পুরসভা, যেখানে মোট ৯টি ওয়ার্ড রয়েছে। ওই পুরসভার ৯ জন জনপ্রতিনিধির মধ্যে ৬ জন একসঙ্গে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় পুরসভার ক্ষমতার সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে।

রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বিভিন্ন পুরসভায় কাউন্সিলর ও চেয়ারম্যানদের পদত্যাগ এবং দলবদলের ঘটনা সামনে আসছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পুর প্রশাসনের ভবিষ্যৎ ও সাধারণ মানুষের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে মেখলিগঞ্জ পুরসভার এই দলবদল উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আগামী দিনে এই পরিবর্তনের প্রভাব স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক পরিস্থিতিতে কতটা পড়ে, সেদিকেই এখন নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top