কলকাতা – কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ খায়রুল ইসলাম। রবিবার সকালে বহরমপুর থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের বলরামপুর বাইপাস মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার হাতিসালা থানার আবুয়া গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের বিরুদ্ধে খুন, তোলাবাজি, জমি দখল, খুনের চেষ্টা-সহ একাধিক গুরুতর অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে তদন্তকারীদের দাবি।
তদন্তকারী সংস্থার দাবি, গত ৫ জুন এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন খায়রুল ইসলাম। এছাড়াও ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, বেআইনি অস্ত্র ও বিস্ফোরক রাখা, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং খুনের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল। পরে সেই মামলায় খুনের ধারাও যুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি ও দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল অভিযুক্ত। গ্রেফতারের পর তাঁকে আদালতে তোলা হলে বিচারক আগামী ৬ জুলাই ২০২৬ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অপরাধচক্রের বিস্তার, সহযোগীদের পরিচয় এবং অন্যান্য মামলার যোগসূত্র খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।




















