রাজ্য – ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট Swapna Barman-এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির রাজগঞ্জে। শুক্রবার রাতের অন্ধকারে তাঁর পুরনো বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় স্বপ্না বর্মনের দুটি বাড়ি রয়েছে। একটি বাড়িতে তিনি পরিবারের সঙ্গে থাকেন, অন্য পুরনো বাড়িটিতে কেউ থাকতেন না। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ফাঁকা বাড়িটিতে আগুন লাগার খবর সামনে আসে। স্থানীয় বাসিন্দারাই প্রথম বিষয়টি লক্ষ্য করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সূত্রে জানা গিয়েছে, ঘরের ভেতরে রাখা কিছু জ্বালানি কাঠ ও কাগজপত্রে আগুন লেগেছিল। বাইরে প্রবল বৃষ্টি চলায় আগুন বাড়ির বাইরে ছড়াতে পারেনি। Moumin Chakraborty জানিয়েছেন, বাড়িটিতে কেউ থাকতেন না এবং কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পরই নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দেন স্বপ্না বর্মন। তাঁর অভিযোগ, ভোটে পরাজয়ের পর থেকেই পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। দুই দাদাকে নিয়মিত ভয় দেখানো হতো বলেও দাবি করেছেন তিনি। এমনকী তাঁকেও একাধিকবার ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বপ্নার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাঁদো কাঁদো গলায় তিনি বলেন, “রাজনীতিতে আসাই ভুল ছিল।”
স্বপ্নার দাবি, নির্বাচনে হেরে যাওয়ার পর তাঁর আশপাশের অনেক সমর্থকও আচমকা বদলে গিয়েছেন। এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই তাঁর সন্দেহ। শনিবার তিনি থানায় এফআইআর দায়ের করবেন বলেও জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



















