রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি, কারা পাবেন নিয়োগ? বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের

রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি, কারা পাবেন নিয়োগ? বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা থাকতে হবে এবং কোন কোন নথি জমা দিতে হবে, তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। চাকরি পাওয়ার শর্ত থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া—সব বিষয়েই বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন?

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পরে রাজনৈতিক হিংসার ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্য এই প্রকল্পে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী আবেদন করতে পারবেন। পাশাপাশি তাঁর ছেলে ও মেয়েরাও এই সুযোগ পাবেন। মৃত্যুর আগে আইন মেনে দত্তক নেওয়া সন্তানরাও আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

তবে একটি পরিবার থেকে মাত্র একজনই সরকারি চাকরি পাবেন। একই রাজনৈতিক হিংসার ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের কোনও সদস্য যদি আগেই ক্ষতিপূরণ হিসেবে সরকারি চাকরি পেয়ে থাকেন, তাহলে সেই পরিবার নতুন করে এই প্রকল্পে আবেদন করতে পারবে না।

কী ধরনের সরকারি চাকরি দেওয়া হবে?

এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের বিভিন্ন দফতর, অধিদফতর, কালেক্টরেট এবং অন্যান্য সরকারি অফিসে গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে। প্রয়োজন অনুযায়ী এই প্রকল্পের জন্য নতুন পদও তৈরি করবে সরকার। ফলে সরকারি দফতরগুলিতে আগে থেকে থাকা শূন্যপদের উপর এর কোনও প্রভাব পড়বে না।

তবে আবেদন করলেই সরাসরি চাকরি মিলবে না। আবেদনকারীর যোগ্যতা ও অন্যান্য বিষয় খতিয়ে দেখবে নির্দিষ্ট স্ক্রিনিং কমিটি। পাশাপাশি নতুন পদ তৈরির অনুমোদন, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষার প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। সমস্ত শর্ত পূরণ করার পরেই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগের আবেদন ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সংশ্লিষ্ট পরিবারগুলির মধ্যে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top