খেলা – বিশ্বকাপের মঞ্চে আরও একবার ইতিহাস গড়লেন লিয়োনেল মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে শুধু আর্জেন্টিনাকে শেষ ষোলোয় পৌঁছে দিলেন না, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও এককভাবে শীর্ষস্থান দখল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারায় অস্ট্রিয়াকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিয়োনেল স্কালোনির দল। নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজকে বক্সের মধ্যে ফাউল করা হলে VAR-এর সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট-কিক নিতে আসেন মেসি। তবে তাঁর শট দুর্দান্তভাবে রুখে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লেগার। ফলে বিশ্বরেকর্ড গড়ার সেই মুহূর্তের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হয় দর্শকদের।
এরপর ১৯ মিনিটেও গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। প্রায় একা গোলরক্ষকের সামনে পৌঁছে গেলেও শ্লেগারের গায়ে বল মেরে বসেন তিনি। একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রিয়াও পাল্টা আক্রমণে চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যায়।
প্রথমার্ধের শেষ দিকে অবশেষে আসে সেই প্রতীক্ষিত মুহূর্ত। ৩৮ মিনিটে থিয়াগো আলমাডার তৈরি করা আক্রমণ থেকে মেদিনার ক্রস পেয়ে দুর্দান্ত ফিনিশে গোল করেন মেসি। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর চতুর্থ গোল। একই সঙ্গে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা পৌঁছে যায় ১৭-তে। এই গোলের মাধ্যমেই তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজ়েকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়েন। স্টেডিয়ামজুড়ে তখন শুধুই মেসি বন্দনা।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। স্কালোনি একের পর এক পরিবর্তন এনে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করেন। নিকোলাস গঞ্জালেজ় ও ইউলিয়ান আলভারেজ়কে নামিয়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করা হয়। তবে অস্ট্রিয়ার সংগঠিত রক্ষণভাগ আর্জেন্টিনার ফরোয়ার্ডদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। বেশ কয়েকবার ভালো আক্রমণ তৈরি হলেও শেষ মুহূর্তে গোলের সুযোগ হাতছাড়া হয়।
ম্যাচ যখন শেষের দিকে গড়াচ্ছে, তখনই আবার সামনে আসেন মেসি। সংযুক্ত সময়ে ইউলিয়ান আলভারেজ়ের শট প্রথমে রুখে দেন শ্লেগার। তবে ফিরতি বলে সবার আগে পৌঁছে জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর দ্বিতীয় গোলেই নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার জয় এবং নকআউট পর্বের টিকিট।
শেষ মুহূর্তে ফ্রিকিক থেকে হ্যাটট্রিক করার সুযোগও পেয়েছিলেন মেসি। কিন্তু তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে অবশ্য আর্জেন্টিনা শিবিরে কোনও আক্ষেপ নেই। কারণ দলের জয়, নকআউটে ওঠা এবং বিশ্বকাপের ইতিহাসে নতুন গোলের রেকর্ড—সবকিছুই একসঙ্গে এনে দিলেন লিয়োনেল মেসি।




















