রাজ্য – সল্টলেকে রাজ্য বিজেপির দফতরে শুক্রবার দলের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। আসন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের সাংগঠনিক পর্যবেক্ষক সুনীল বানসাল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মঙ্গল পাণ্ডে, জ্যোতির্ময় সিং মাহাতো, সৌমিত্র খাঁ, অমিত মালব্য, শশী অগ্নিহোত্রী, লকেট চট্টোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতা ও পদাধিকারী।
দলীয় সূত্রে খবর, বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক ঘটনাকে সামনে রেখে বিজেপির রাজনৈতিক অবস্থান কী হবে এবং আগামী দিনে কীভাবে আন্দোলন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর পাশাপাশি আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করা, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং বিভিন্ন এলাকায় দলের সাংগঠনিক অবস্থান পর্যালোচনার মতো বিষয় উঠে আসে আলোচনায়।
পুর নির্বাচনের আগে সম্ভাব্য ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাসের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায় বলে দলীয় সূত্রের দাবি। নতুন রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে সংগঠনকে কীভাবে আরও মজবুত করা যায় এবং আসন্ন নির্বাচনে কী কৌশল নেওয়া হবে, তা নিয়েও বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে মতবিনিময় হয়েছে।




















