রাজ্য – পেট্রল-ডিজেলের পর এবার লাগাতার বাড়ছে সিএনজির দাম। মাত্র ১১ দিনের মধ্যে চতুর্থবার দাম বাড়ল কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের। মঙ্গলবার ফের কেজিপ্রতি ২ টাকা বৃদ্ধি করা হয়েছে সিএনজির মূল্য। নতুন দাম এদিন থেকেই কার্যকর হয়েছে। এক সপ্তাহের মধ্যেই মোট ১১ টাকা বেড়েছে সিএনজির দাম, ফলে অটো ও ক্যাব ভাড়া বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
রাজধানী দিল্লিতে মঙ্গলবার থেকে প্রতি কেজি সিএনজির দাম বেড়ে হয়েছে ৮৩.০৯ টাকা। যদিও কলকাতায় এদিন নতুন করে দাম বাড়েনি, তবুও শহরে বর্তমানে প্রতি কেজি সিএনজির মূল্য ৯৩.৫০ টাকা। এর আগে গত রবিবার কেজিপ্রতি ১ টাকা এবং শুক্রবারও ১ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। তারও আগে ১৫ মে একলাফে ৩ টাকা বেড়েছিল সিএনজির দাম।
মূলত অটো, ট্যাক্সি এবং ছোট গাড়িতে এই গ্যাস ব্যবহার করা হয়। ফলে সিএনজির ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়তে পারে পরিবহণ ব্যবস্থার উপর। পরিবহণ খরচ বাড়লে তার প্রভাব পড়বে নিত্যদিনের যাত্রীদের পকেটেও।
শুধু সিএনজি নয়, জ্বালানি তেলের বাজারেও আগুন লেগেছে। সোমবারই ফের বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। ভোটপর্ব শেষ হওয়ার পর থেকেই দফায় দফায় বাড়ছে জ্বালানির মূল্য। ১৫ মে প্রায় ৩ টাকা, ১৯ মে ৯০ পয়সা, ২৩ মে আরও ৮৭ পয়সা বাড়ার পর সোমবার আবারও প্রায় ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পেট্রলের দাম। এর জেরে কলকাতায় বর্তমানে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা।
বিশ্লেষকদের একাংশের মতে, এই মূল্যবৃদ্ধি এখনই থামার সম্ভাবনা কম। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি এবং সরবরাহে টানাপোড়েনের কারণে আগামী দিনেও জ্বালানির দাম আরও বাড়তে পারে। দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রিত দাম নির্বাচনের পর ধাপে ধাপে বাড়ানো হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল।




















