সোমবার থেকে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার! প্রথমবার OMR শিটে পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া নিরাপত্তা সংসদের

সোমবার থেকে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার! প্রথমবার OMR শিটে পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া নিরাপত্তা সংসদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: সোমবার, ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এবারই প্রথম OMR শিটে নেওয়া হবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষা ঘিরে কোনওরকম গাফিলতি যাতে না হয়, সেজন্য প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে পরীক্ষাকেন্দ্রে নজরদারি—প্রতিটি ক্ষেত্রেই একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা রুখতে এবার প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা ইউনিক সিরিয়াল নম্বর। পাশাপাশি পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্রের সিল খোলা হবে। শনিবার সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সরদার জানান, পরীক্ষার্থীদের উপস্থিতিতেই প্রশ্নপত্রের সিল খোলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সংসদের নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ৫৫ মিনিটে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্রের সিল খোলা হবে।

সিল খোলার প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে সেই সময় উপস্থিত দু’জন পরীক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হবে। প্রতিটি প্রশ্নপত্রে থাকা আলাদা সিরিয়াল নম্বরের মাধ্যমে প্রশ্নপত্রের গতিবিধির উপর নজর রাখা সম্ভব হবে বলে মনে করছে সংসদ। নতুন OMR পদ্ধতির পাশাপাশি এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top