স্কুলের ইউনিফর্মের রং এবার ঠিক করবে স্কুলই, পুরনো ঐতিহ্য ফেরাতে তথ্য সংগ্রহ শুরু শিক্ষা দপ্তরের

স্কুলের ইউনিফর্মের রং এবার ঠিক করবে স্কুলই, পুরনো ঐতিহ্য ফেরাতে তথ্য সংগ্রহ শুরু শিক্ষা দপ্তরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পশ্চিমবঙ্গ –  স্কুলের নিজস্ব ঐতিহ্য ও পরিচিতি ফিরিয়ে দিতে পড়ুয়াদের ইউনিফর্মের রং বেছে নেওয়ার দায়িত্ব এবার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতেই ছেড়ে দিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে এবার স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, পোশাকের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর। শিক্ষা পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই স্কুলগুলির কাছে এ সংক্রান্ত নির্দেশিকা-সহ একটি পিডিএফ পাঠানো হয়েছে। এক জেলা স্কুল পরিদর্শকও এই তথ্য সংগ্রহের বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, এতদিন রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের জন্য নীল-সাদা ইউনিফর্ম বাধ্যতামূলক ছিল। ২০১৩ সালে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই পোশাক চালু করে। পরবর্তীতে ২০২২ সালে তা বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি স্কুলের নিজস্ব ব্যাজের পরিবর্তে ইউনিফর্মে যুক্ত করা হয় বিশ্ববাংলার লোগো।

তবে এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তাঁদের অভিযোগ, এর ফলে বহু ঐতিহ্যবাহী স্কুলের নিজস্ব পরিচিতি ও দীর্ঘদিনের ভাবাবেগ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই পুরনো ইউনিফর্ম ফিরিয়ে দেওয়ার দাবি উঠতে শুরু করে।

এই বিষয়ে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনের দপ্তরে একাধিক আবেদন জমা পড়ে। সেই আবেদনের ভিত্তিতেই স্কুলগুলিকে নিজেদের ঐতিহ্য ও পছন্দ অনুযায়ী ইউনিফর্মের রং নির্ধারণের স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবে অনুমোদন দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল শিক্ষা দপ্তর। স্কুলগুলির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর ইউনিফর্ম পরিবর্তনের প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকেই নজর রয়েছে শিক্ষামহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top