খেলা – ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি করে দল অংশ নেবে। এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জনের নিয়ম প্রকাশ করেছে আইসিসি। সেই নিয়ম অনুযায়ী, সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও ভারতের মহিলা দল অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আইসিসির নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি মহাদেশ থেকে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী একটি করে দল সরাসরি অলিম্পিকে জায়গা পাবে। এশিয়ার শীর্ষস্থানীয় দল হওয়ায় ভারতের মহিলা দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে। একইভাবে অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা। একটি স্থান আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের জন্য সংরক্ষিত থাকলেও ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-র মধ্যে থাকতে হবে। তা না হলে সেই জায়গা র্যাঙ্কিং অনুযায়ী অন্য কোনও দলকে দেওয়া হবে।
পুরুষদের ক্ষেত্রে যোগ্যতা অর্জনের নিয়ম কিছুটা আলাদা। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ মহাদেশে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা দলগুলিই সরাসরি অলিম্পিকে খেলবে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ওশিয়ানিয়া থেকে একটি করে দল জায়গা পাবে। ফলে ভারতের পুরুষ দলের অলিম্পিক টিকিট এখনও নিশ্চিত হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে এশিয়ার শীর্ষস্থান ধরে রাখতে পারলেই তারা সরাসরি যোগ্যতা অর্জন করবে।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। অলিম্পিকে পৃথক দেশের ভিত্তিতে অংশগ্রহণের নিয়ম থাকায় একাধিক ক্যারিবীয় দেশ মিলে গঠিত ওয়েস্ট ইন্ডিজ দল হিসেবে খেলতে পারবে না। তাই সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে আলাদা যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতা হবে। সেখানে বিজয়ী দল চূড়ান্ত অলিম্পিক বাছাইপর্বে অংশ নেবে। এশিয়া থেকে মাত্র একটি দল সরাসরি সুযোগ পাওয়ায় ভারত যোগ্যতা অর্জন করলে পাকিস্তান ও বাংলাদেশের মতো দলগুলির সুযোগ আরও কঠিন হয়ে যাবে।




















