অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট, ‘নো ভেহিকেল জোন’ গড়ার পরিকল্পনা

অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট, ‘নো ভেহিকেল জোন’ গড়ার পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া কলেজ স্ট্রিটকে নতুন রূপে সাজানোর পরিকল্পনার কথা জানাল রাজ্য সরকার। লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদলে কলেজ স্ট্রিটকে একটি আধুনিক, দূষণমুক্ত ও শান্ত ‘নো ভেহিকেল জোন’ হিসেবে গড়ে তোলার ভাবনা প্রকাশ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল জেলা গ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মেগা পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরিকল্পনা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট এলাকায় সাধারণ যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। কিছুটা দূরে সাইকেল স্ট্যান্ড তৈরি করা হবে, সেখান থেকে পরিবেশবান্ধব সাইকেলে যাতায়াতের সুযোগ মিলবে। প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য থাকবে ব্যাটারিচালিত যান। পাশাপাশি শহরের ঐতিহ্য ধরে রাখতে বিশেষভাবে নকশা করা ট্রাম চালুর ভাবনাও রয়েছে।

নতুন রূপে কলেজ স্ট্রিটের রাস্তা ও ফুটপাতকে এক বিশেষ থিমে সাজানো হবে। বইয়ের দোকানগুলোকেও একই ধরনের নান্দনিক ডিজাইনে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। থাকবে ভিন্টেজ ল্যাম্পপোস্ট, বসার বেঞ্চ, ফ্রি ওয়াই-ফাই এবং সংস্কার করা হেরিটেজ রেলিং, যাতে পাঠক ও বইপ্রেমীরা শান্ত পরিবেশে সময় কাটাতে পারেন এবং বই পড়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়।

শুধু কলকাতাই নয়, একই ভাবনায় আসানসোলেও আন্তর্জাতিক মানের একটি পাঠকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী। দামোদর নদ সংলগ্ন ভূতাবেরিয়া থেকে ছটঘাট পর্যন্ত এলাকা উন্নয়ন করে সেখানে কোলাহলমুক্ত, সবুজ ও বইপাঠের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে। তাঁর দাবি, বর্তমান প্রজন্মকে মোবাইলের অতিনির্ভরতা থেকে বইয়ের জগতে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই ঘোষণায় কলকাতা ও আসানসোলের বইপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top