নিজস্ব সংবাদদাতা,মালদা, ৪ ঠা মার্চ : প্রেমিকের বাড়ির লোকেদের কটুক্তি ও বক্রোক্তি সহ্য করতে না পেরে আত্মঘাতী হলেন এক একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আম জামতলা এলাকায়। ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা জানায়, গত সরস্বতী পূজার দিন থেকে ওই এলাকার যুবক ছোট্টু মন্ডলের সাথে মেয়ের ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে।অভিযোগ এরপর থেকেই ওই ছাত্রী বাড়ির বাইরে কোন কাজে বের হলে প্রেমিকের বাড়ির লোকজনেরা তার পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। ঘটনায় মেয়েটির দাদা প্রতিবাদ করে। এরপরই প্রেমিকার বাড়িতে ঢুকে তার পরিবারের সদস্যদের মারধর করে। রবিবার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে মেয়েটির বাড়ির বাইরে কাজে বের হলে আবারও তাকে অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে।এরপরই গালিগালাজ ও কটুক্তি সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। বাড়ি ফিরে এসে ঘটনা দেখতে পেয়ে শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার।অভিযুক্ত প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক ও তার পরিবারের সদস্যরা।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।



















