সাইবার জালিয়াতির মাস্টারমাইন্ড বিদেশে, ডিজিটাল গ্রেপ্তারির নামে বিপুল টাকার চক্র নিয়ন্ত্রণের অভিযোগ সিবিআইয়ের

সাইবার জালিয়াতির মাস্টারমাইন্ড বিদেশে, ডিজিটাল গ্রেপ্তারির নামে বিপুল টাকার চক্র নিয়ন্ত্রণের অভিযোগ সিবিআইয়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – ডিজিটাল গ্রেপ্তারির ছদ্মবেশে সাইবার জালিয়াতির পিছনে বিদেশি মাস্টারমাইন্ডদের হাত থাকার অভিযোগ এনেছে সিবিআই। এর মধ্যে প্রধানত চিন, কম্বোডিয়া এবং হংকংয়ের নাম উঠে এসেছে। এই বিদেশি মাস্টারমাইন্ডরা ভারতীয় ডিজিটাল গ্রেপ্তারির সাগরেদদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বিপুল টাকার সাইবার জালিয়াতি চক্র চালাচ্ছে।

সিবিআই সূত্রে জানা গেছে, দেশে বিভিন্ন এলাকায় ডিজিটাল গ্রেপ্তারির নামে মানুষদের ভয় দেখিয়ে তাদের ঘরবন্দি করে বিপুল টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অভিযুক্তরা কখনও মুম্বই পুলিশ, কখনও সিবিআই বা অন্যান্য তদন্তকারী সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভীতি দেখায়। গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় ডিজিটাল গ্রেপ্তারির নামে সংঘটিত সাইবার জালিয়াতির দশটি ঘটনার ভিত্তিতে তদন্ত চালানো হয়েছে।

মাস দু’য়েক আগে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, কেরলসহ রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান। বহু বৈদ্যুতিন ডিভাইস, মোবাইল, ল্যাপটপ এবং ব্যাঙ্ক নথি আটক করা হয়। এই ঘটনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এছাড়া ডিজিটাল গ্রেপ্তারির নামে সাইবার জালিয়াতির অভিযোগে সম্প্রতি ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।

তদন্ত চলাকালীন ১৫ হাজার মোবাইল ও ল্যাপটপ এবং তাদের আইপি অ্যাড্রেস পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, এই সাইবার অপরাধের মাস্টারমাইন্ডরা বিদেশে অবস্থান করছে। তারা শুধু টাকা হাতিয়ে নেওয়া নয়, পুরো চক্র নিয়ন্ত্রণ করছে—ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবস্থাপনা থেকে শুরু করে জালিয়াতির পদ্ধতি নির্ধারণ পর্যন্ত। এছাড়া মায়ানমারে তৈরি বেআইনি কল সেন্টার থেকে ভারতীয়দের ফোন করে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

সিবিআই জানায়, কীভাবে হাতিয়ে নেওয়া টাকা বিদেশি মাস্টারমাইন্ডদের কাছে পাচার হচ্ছে, ভিওআইপি ব্যবহার করে অপরাধীরা নিজেদের আড়াল করছে, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এই অভিযানের মাধ্যমে দেশব্যাপী ডিজিটাল গ্রেপ্তারির মতো সাইবার অপরাধে যুক্ত বিদেশি ও দেশীয় দিক-উভয়কে ধরার চেষ্টা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top