অবৈধ অভিবাসীদের দেশে ফেরাতে নতুন প্রণোদনা, স্বেচ্ছায় আমেরিকা ছাড়লে মিলবে ৩ হাজার ডলার

অবৈধ অভিবাসীদের দেশে ফেরাতে নতুন প্রণোদনা, স্বেচ্ছায় আমেরিকা ছাড়লে মিলবে ৩ হাজার ডলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – অবৈধভাবে বসবাসকারীদের দেশছাড়া করতে এবার নতুন কৌশল নিল আমেরিকা। মার্কিন প্রশাসনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, এখনও যারা বেআইনিভাবে আমেরিকায় বসবাস করছেন, তাঁরা যদি স্বেচ্ছায় দেশ ছাড়েন, তবে সরকারের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যারা আত্মসমর্পণ করে দেশে ফেরার জন্য আবেদন করবেন, তাঁদের দেওয়া হবে ৩ হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৬৮ হাজার টাকা। এর আগে এই পুরস্কারের অঙ্ক ছিল ১ হাজার ডলার। পাশাপাশি অবৈধবাসীদের নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিটও দেবে মার্কিন সরকার।
মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এখনও অবৈধভাবে আমেরিকায় রয়েছেন, তাঁদের উচিত অপমানজনক গ্রেফতার ও জেলযাত্রা এড়াতে পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করা। এই উদ্দেশ্যে অবৈধ অভিবাসীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে। ৩১ ডিসেম্বরের আগে যারা প্রশাসনের কাছে দেশে ফেরার আবেদন জানাবেন, তাঁদের ৩ হাজার ডলার নগদ অর্থ ও ফেরার বিমানের টিকিট দেওয়া হবে। এছাড়াও যাঁরা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কোনও কারণে দেশ ছাড়তে পারেননি, তাঁদের উপর আরোপিত জরিমানাও মুকুব করা হবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সুবিধা পেতে আগ্রহী অবৈধবাসীদের মার্কিন সরকারের CBP Home মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা পড়ার পর বাকি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবে প্রশাসন। এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহিত করাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকেই ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে দেশকে বিশ্বের সেরা করে তুলতে একাধিক কড়া সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রশাসনের দাবি, আমেরিকার নানা সমস্যার জন্য দেশের ভেতরে থাকা অবৈধ অভিবাসীরাই মূলত দায়ী। সেই কারণে ইতিমধ্যেই হাজার হাজার অবৈধবাসীকে বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতেও ফেরানো হয়েছে বহু অবৈধ অভিবাসীকে। এমনকি অবৈধবাসীদের খোঁজ দিতে পুরস্কার ঘোষণাও করা হয়েছিল, যদিও তাতে খুব বেশি সাফল্য মেলেনি।
মার্কিন অভিবাসন দপ্তরের দাবি অনুযায়ী, এখনও বহু অবৈধবাসী আমেরিকায় গা ঢাকা দিয়ে রয়েছেন। তাঁদের খুঁজে বের করা কঠিন হওয়ায় এবার স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য আর্থিক প্রণোদনার পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। উল্লেখযোগ্যভাবে, এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য ১ হাজার ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, সেই অঙ্ক এবার তিনগুণ বাড়ানো হয়েছে এবং এই উদ্যোগ ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তাঁর দাবি, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এই সুবিধা নিয়ে স্বেচ্ছায় আমেরিকা ছেড়েছেন প্রায় ১৯ লক্ষ অবৈধ অভিবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top