বিনোদন – গুয়াহাটিতে শুক্রবার রাতে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া। গীতানগর থানার ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেল থেকে নৈশভোজ শেষে রাস্তায় পারাপারের সময় একটি দ্রুতগতির বাইক তাদের ধাক্কা মারে। দুর্ঘটনায় আশিস, তাঁর স্ত্রী এবং বাইক চালক আহত হন।
ঘটনাস্থল থেকে গীতানগর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। বাইক চালক বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আশিস ও তাঁর স্ত্রীও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার হাসপাতালে অবস্থানকালে আশিস ইনস্টাগ্রামে লাইভে এসে দুর্ঘটনার কথা প্রকাশ করেন। তিনি বলেন, “বিভিন্ন খবর রটছে, তাই নিজেই সত্যিটা জানাই। রাস্তায় পারাপারের সময় একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমি একদম ঠিক আছি, কথা বলতে ও হাঁটতে পারছি। সামান্য চোট লেগেছে মাত্র। তবে সাবধানতা বজায় রাখতে রুপালিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
আশিস অতিরিক্ত আতঙ্ক না ছড়ানোর জন্য অনুরোধ জানান এবং যোগ করেন, “বিষয়টিকে নিয়ে অতিরঞ্জিত কিছু করার দরকার নেই। আমরা ভালো আছি। অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগের কর্মীরা আমাদের যত্নে আছেন। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ।”




















