বিনোদন – দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতা থেকে ব্যক্তিত্ব—সব মিলিয়ে দর্শকমহলে তাঁর আলাদা জায়গা রয়েছে। তবে এত জনপ্রিয়তার মধ্যেও জয়া বরাবরই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। সুযোগ পেলেই তিনি ছুটে যান বাংলাদেশের নিজের খামারবাড়িতে, যেখানে নিজের হাতে সবজি ফলান এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান।
সম্প্রতি সেই গ্রামীণ জীবনেরই এক ঝলক ধরা পড়েছে জয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে। কনকনে ঠান্ডার মধ্যে তাঁকে দেখা গিয়েছে গ্রামের বাড়িতে মাটির উনুনে রান্না করতে। সবুজ রঙের গরম পোশাক গায়ে, মাথায় টুপি, মোটা জ্যাকেট আর মোজা পরে আগুনের সামনে বসে ঠান্ডা কাটাতে কাটাতেই রান্নায় ব্যস্ত অভিনেত্রী। হাতে ধরা দুধ চায়ের কাপ, পাশে জ্বলছে উনুন—একেবারে গ্রামবাংলার চেনা ছবি।
তবে এই চিকেন রান্না নিজের জন্য নয়। পোস্ট করা ভিডিওতে জয়া নিজেই জানিয়েছেন, তিনি খুব একটা রান্না জানেন না। তবু এই বিশেষ রান্না তিনি করছেন তাঁর আদরের চারপেয়ের জন্য, যাকে তিনি ভালোবেসে ‘বাবাই’ বলে ডাকেন। আদরের পোষ্যের জন্য নিজে হাতে মাটির উনুনে রান্না করতে দেখা গিয়েছে জয়াকে।
ভিডিওতে জয়া আরও জানান, গ্রামের বাড়ির সব জায়গাতেই এত ঠান্ডা যে এই রান্নাঘরেই সময় কাটাতে তাঁর বেশি ভালো লাগছে। এক উনুনে তরকারি, অন্য উনুনে মাংস বসিয়ে নিজেই কাঠ জ্বালিয়ে রান্না করেছেন তিনি। পদ্মাপারের এই নায়িকার কথায়, মাটির উনুনে রান্না করা খাবারের স্বাদ সত্যিই আলাদা।
দুধ চা খেতে খেতেই জয়া জানান, তাঁর বাড়িতে গরুর মাংসও রান্না হবে, যদিও তিনি নিজে তা খান না। ঠান্ডার দিনে আগুন পোহাতে পোহাতে এই ঘরোয়া মুহূর্তে ধরা দিয়েছেন অভিনেত্রী। জয়ার এই পোস্টে অনুরাগীরাও মন্তব্য করেছেন, মাটির উনুনে রান্না করা খাবারের স্বাদ যে সত্যিই অসাধারণ।




















