রাজ্য – ফেব্রুয়ারির শুরুতেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা ঘিরে স্বাভাবিকভাবেই পড়ুয়াদের মনে নানা উদ্বেগ কাজ করে। তার সঙ্গে যুক্ত হয় সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর চিন্তা। পরীক্ষার দিনগুলিতে শহর ও শহরতলিতে যানজট হওয়া নতুন কিছু নয়। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি স্বস্তির ব্যবস্থা করল রাজ্য সরকার।
রাজ্য পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিশেষ অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হবে। মোট আটদিন ধরে ১৫টি ভিন্ন রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ এবং ১২ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে শহরতলির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় এই বিশেষ বাস পরিষেবা পাওয়া যাবে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগঞ্জ–এসপ্ল্যানেড রুটে চলবে দুটি অতিরিক্ত বাস। ঠাকুরপুকুর–শিয়ালদহ এবং ঠাকুরপুকুর–হাওড়া রুটে মিলবে একটি করে অতিরিক্ত বাস। হরিদেবপুর–হাওড়া স্টেশন রুটেও একটি অতিরিক্ত বাস থাকবে। কাঁকুড়গাছি থেকে বেহালা রুটে দুটি, কুঁদঘাট–দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর–এসপ্ল্যানেড রুটে একটি করে বাস চালানো হবে। গড়িয়া–হাওড়া স্টেশন রুটে সবচেয়ে বেশি, মোট চারটি অতিরিক্ত বাস চলবে। এছাড়াও যাদবপুর–হাওড়া, ব্যারাকপুর–হাওড়া, সরশুনা–হাওড়া রুটে একটি করে বাস থাকবে। দমদম বিমানবন্দর–এসপ্ল্যানেড রুটে একটি, নিউটাউন–শিয়ালদহ রুটে দুটি এবং ডানলপ–বালিগঞ্জ রুটে একটি অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হবে।
উল্লেখ্য, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং দুপুর ২টোর মধ্যে শেষ হবে। অতিরিক্ত বাস পরিষেবা চালু হওয়ায় পরীক্ষার দিনগুলিতে যানজট নিয়ে বাড়তি দুশ্চিন্তা আর থাকবে না বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা।




















