দিল্লী – আজ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে শীর্ষ আদালতের ১১ নম্বর এজলাসে রায় শোনানো হবে। দীর্ঘদিন ধরে চলা এই মামলার রায়দানের খবরে রাজ্যের সরকারি কর্মচারীরা আশার আলো দেখছেন।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়সীমায় তা পূরণ হয়নি। বরং শেষ মুহূর্তে রাজ্য সরকার শীর্ষ আদালতের কাছে আরও ছয় মাস সময় চেয়ে আবেদন করে।
এরপর মামলার শুনানি চলেছে ৭ অগাস্ট পর্যন্ত। ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়। শুনানির সময় রাজ্যের পক্ষে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দেন, মহার্ঘভাতা রাজ্য সরকারি কর্মীদের অধিকার হিসেবে বিবেচিত নয়। তবে বেঞ্চের পর্যবেক্ষণ ছিল স্পষ্ট—অধিকার হিসেবে ধরা হোক বা না হোক, দিনের পর দিন কর্মীদের প্রাপ্য অর্থ আটকে রাখা যায় না। ন্যূনতম অংশ হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধ করতে হবে।
এই নির্দেশের পর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করে। আবেদনে বলা হয়, বকেয়া ডিএ মেটাতে যে বিপুল অর্থের প্রয়োজন, তার জন্য চলতি অর্থবর্ষে পর্যাপ্ত বাজেট নেই। দীর্ঘ শুনানির পর সব পক্ষের বক্তব্য শোনা শেষ হওয়ার পর বেঞ্চ রায়দান স্থগিত রাখে। বৃহস্পতিবার, আজ সেই বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় ঘোষণা করা হবে।



















