কলকাতা – ছুটির দিনের সকালেও অচলাবস্থার মুখে পড়ল কলকাতা মেট্রো। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এক যাত্রী লাইনে ঝাঁপ দেওয়ায় সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।
ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার বিষয়টি বুঝতে পেরে দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেট্রো লাইনের বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। আহত যাত্রীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার জেরে কলকাতা মেট্রোর ব্লু লাইনের আপ লাইনে সমস্যা দেখা দেয়। ফলে সম্পূর্ণ রুটে পরিষেবা চালু রাখা সম্ভব হয়নি। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত অংশে মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হয় বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির শিকার হন বহু যাত্রী। এক যাত্রী বলেন, “মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে ব্লু লাইনে বারবার সমস্যা দেখা যাচ্ছে। ফলে আমাদের যাতায়াতে ভীষণ অসুবিধা হচ্ছে।” আর এক যাত্রীর বক্তব্য, “প্রথমে বুঝতেই পারিনি কী হয়েছে। অনেকক্ষণ পরে ঘোষণা করা হয়, এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন।”
উল্লেখ্য, কলকাতা মেট্রোর ব্লু লাইনে সাম্প্রতিক সময়ে একাধিকবার এই ধরনের ঘটনার জেরে পরিষেবা ব্যাহত হয়েছে। গত বৃহস্পতিবারও রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করায় মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছিল। স্টেশনগুলিতে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হলেও, বারবার এই ধরনের ঘটনার ফলে বিশেষ করে অফিস টাইম ও ব্যস্ত সময়ে চরম সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে।




















